সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছেন ভাইজান খ্যাত বলিউড সুপারস্টার সালমান খান। ছবিতে তাকে অন্ধকার ঘরে একা বসে থাকতে দেখা যায়। ভক্তদের অনেকেই মনে করেন, তিনি হয়তো একাকিত্বে ভুগছেন। তবে নিজের অবস্থান স্পষ্ট করে ভক্তদের উদ্দেশ্যে বার্তায় দিয়েছেন সালমান।

পোস্টে সালমান লিখেছেন, জীবনে মানুষ দুইভাবে একা থাকে, একটি নিজের ইচ্ছায়, আরেকটি বাধ্য হয়ে। এরপর নিজেকেই ঠিক করতে হয় কোন পথ বেছে নেওয়া হবে। তার এমন মন্তব্য ঘিরেই শুরু হয় নানা জল্পনা।

এই পোস্ট দেখেই অনুরাগীরা অনুমান করেন, নিশ্চয়ই একাকিত্বে ভুগছেন সলমন। তবে পরে ভক্তদের উদ্বেগ দূর করে সালমান জানান, তিনি আসলে নিজের কথা সেভাবে বোঝাতে চাননি। এত বড় পরিবার ও অসংখ্য বন্ধু-ভক্ত থাকতে তিনি কখনোই সত্যিকারের একা নন।

তিনি বলেন, মাঝে মাঝে সবার সঙ্গে থাকতে থাকতে কিছুটা ব্যক্তিগত সময়ের প্রয়োজন হয়। তাই কিছু সময় নিজেকে আলাদা রেখেছিলেন। এমনকি তার মা-ও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে জানতে চেয়েছিলেন কী হয়েছে।

সালমানের এই ব্যাখ্যার পর স্বস্তি প্রকাশ করেছেন তার ভক্তরা। বর্তমানে তারা অপেক্ষা করছেন অভিনেতার নতুন সিনেমা ‘মাতৃভূমি’র মুক্তির জন্য। ছবিটি চলতি বছরের আগস্টে প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে।
এমএ//