জাতীয়

ভূমিসেবায় আর দুর্নীতি ও হয়রানির শিকার হতে হবে না: প্রধানমন্ত্রী

জনগণকে ভূমিসেবা নিতে গিয়ে আর কোনো ধরনের দুর্নীতি বা হয়রানির মুখোমুখি হতে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ভূমি খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং দুর্নীতি বন্ধে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে।

মঙ্গলবার (১৯ মে) রাজধানীর তেজগাঁওয়ের ভূমি ভবনে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, ভূমিসেবাকে সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসার মাধ্যমে নাগরিকদের ভোগান্তি কমানোই সরকারের লক্ষ্য।

এদিন বেলা ১১টা ১৯ মিনিটে বাটন প্রেসের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি ভূমি মন্ত্রণালয়ের তিনটি প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।

উদ্বোধনের পর দেশের সব জেলা ও উপজেলায় একযোগে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা-২০২৬’ শুরু হয়, যা চলবে আগামী ২১ মে পর্যন্ত।

এবারের মেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’। মেলার মাধ্যমে নাগরিকদের আধুনিক ভূমিসেবার সঙ্গে পরিচিত করা এবং সরাসরি সেবা প্রদান করাই প্রধান লক্ষ্য।

মেলার উদ্বোধনের পর প্রধানমন্ত্রী ভূমি ভবনে বিভিন্ন স্টল ও সেবা কেন্দ্র পরিদর্শন করেন। তিনি এ সময় কল সেন্টার, নাগরিক সেবা কেন্দ্র এবং ডে-কেয়ার সেন্টারও ঘুরে দেখেন।

ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ মেলার মাধ্যমে ভূমিসেবা সহজীকরণ, ডিজিটাল ব্যবস্থার প্রচলন এবং প্রান্তিক পর্যায়ে নাগরিক সেবা পৌঁছে দেওয়ার বিষয়গুলো আরও জোরদার করা হবে বলে জানানো হয়।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #দুর্নীতি #প্রধানমন্ত্রী #তারেক রহমান #ভূমিসেবা