আইন-বিচার

ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ ঘোষণা হবে না: হাইকোর্টের রুল

ছবি: সংগৃহীত

রাজধানীর ফুটপাত ও সড়কে হকারদের স্থান বরাদ্দ দেওয়ার নীতিমালার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রুল জারি করেছেন হাইকোর্ট। কেন এই নীতিমালাকে সংবিধানবিরোধী ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।

মঙ্গলবার (১৯ মে) জনস্বার্থে দায়ের করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আবদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালত স্থানীয় সরকার সচিব, আইন সচিব, ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।

এর আগে ঢাকা শহরের ফুটপাত ও রাস্তা হকারদের জন্য বরাদ্দ দেওয়ার নীতিমালার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী মো. সোহেবুজ্জামান। মঙ্গলবার তিনি আদালতে রিটের পক্ষে শুনানি করেন।

রিটকারী আইনজীবী মো. সোহেবুজ্জামান সাংবাদিকদের জানান, নীতিমালার মাধ্যমে ফুটপাত বরাদ্দ দেওয়া সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এতে জনগণের চলাচলের স্বাধীনতা বাধাগ্রস্ত হচ্ছে এবং শহরে যানজট বাড়ছে।

তিনি আরও জানান, সড়ক পরিবহন আইনের ৩৭ ধারায় সড়কের উভয় পাশে অন্তত ১০ মিটার জায়গা খালি রাখার নির্দেশনা রয়েছে। কিন্তু তা উপেক্ষা করে নীতিমালার মাধ্যমে হকারদের জায়গা বরাদ্দ দেওয়া হচ্ছে, যা আইনের পরিপন্থী।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #রাজধানী #হাইকোর্ট #হকার #ফুটপাত