প্রবাস

ওমানে গাড়ির ভেতর মিলেছে ৪ বাংলাদেশি সহোদরের মরদেহ

ওমানে একই পরিবারের চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। দেশটির রাজধানী মাস্কাট থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের মুলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। বুধবার (১৩ মে) এ ঘটনাটি ঘটে।

নিহত চার ভাই হলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বন্দারাজারপাড়া এলাকার বাসিন্দা মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ ও মো. শহিদ। তারা আবদুল মজিদের ছেলে। তারা চারজনই ওমানে বসবাস করতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তাদের মধ্যে দুজনের শিগগিরই দেশে ফেরার কথা ছিল। এক ভাইয়ের বিয়েও ঠিক হয়েছিল। বিয়ের কেনাকাটার জন্য বাইরে বের হওয়ার পরই ঘটে এই মর্মান্তিক ঘটনা।

বৃহস্পতিবার নিহতদের মেজ ভাই এনামুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় বাসিন্দা মো. ইয়াকুব জানান, ওমানে থাকা একই এলাকার আরেক প্রবাসী বাবুর মাধ্যমে তারা ঘটনাটি জানতে পারেন। বাবুর বরাত দিয়ে তিনি বলেন, চার ভাই একসঙ্গে বের হওয়ার পর মুলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতরে তাদের অচেতন অবস্থায় পাওয়া যায়।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির ভেতরে এসি চালু রেখে ঘুমানোর সময় গ্যাস লিকেজ থেকে বিষক্রিয়ার কারণে তাদের মৃত্যু হতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

বর্তমানে মরদেহগুলো রুস্তাক থানার হেফাজতে রয়েছে। পরে সেগুলো মাস্কাটে নেয়া হবে বলে জানা গেছে।

একসঙ্গে চার সহোদরের মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। তবে মরদেহ দেশে আনার বিষয়ে এখনো পরিবারের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ওমান #বাংলাদেশির মৃত্যু #মরদেহ উদ্ধার