আন্তর্জাতিক

বিশ্ববাজারে স্বর্ণের দামে ধাক্কা!

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যের অস্থিরতা, যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির চাপ এবং বিশ্ব রাজনীতির বড় সমীকরণ—সব মিলিয়ে আন্তর্জাতিক বাজারে স্বর্ণ যেন আবারও অনিশ্চয়তার দোলাচলে। কয়েকদিনের ঊর্ধ্বগতির পর এবার দাম কিছুটা কমেছে, আর তাতেই বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে শুরু হয়েছে হিসাব-নিকাশ।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৩ মে) আন্তর্জাতিক বাজারে স্পট স্বর্ণের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৭০১ দশমিক ৯৮ ডলারে নেমে এসেছে। এর আগের সেশনে স্বর্ণের দাম টানা বাড়তে বাড়তে তিন সপ্তাহের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছিল।

অন্যদিকে, জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার্সের দাম শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭১২ দশমিক ৭০ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে প্রত্যাশার তুলনায় বেশি মূল্যস্ফীতি প্রকাশ পাওয়ায় দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ দ্রুত সুদহার কমাবে—এমন সম্ভাবনা কিছুটা দুর্বল হয়েছে। ফলে স্বর্ণবাজারে চাপ তৈরি হয়েছে, কারণ সুদহার কমার সম্ভাবনা সাধারণত স্বর্ণের জন্য ইতিবাচক হিসেবে বিবেচিত হয়।

এদিকে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের নজর এখন বেইজিংয়ে সম্ভাব্য ট্রাম্প-শি বৈঠকের দিকে। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই বৈঠকে বাণিজ্য, বৈশ্বিক অর্থনীতি এবং ভূরাজনৈতিক উত্তেজনা বড় আলোচ্য বিষয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যেই ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় চীনের সহায়তা প্রয়োজন বলে তিনি মনে করেন না।

 

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক, মধ্যপ্রাচ্যের সংকট এবং ফেডের সুদহার নীতির ভবিষ্যৎ দিকনির্দেশনা—এই তিনটি বিষয়ই আগামী দিনে আন্তর্জাতিক স্বর্ণবাজারের গতিপথ নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #স্বর্ণ #যুক্তরাষ্ট্র #মধ্যপ্রাচ্য