আন্তর্জাতিক

ঝড়ো আবহাওয়ায় মন্দিরের দেয়াল ধসে ৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্র রাজ্যে ভারি বৃষ্টি ও ঝড়ো হাওয়ার মধ্যে একটি মন্দিরের সীমানা প্রাচীর ধসে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন এবং আরও ১৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় রাজ্যের সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামের মার্গুদেবী মন্দির প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রতি মঙ্গলবার মন্দিরটিতে বিপুল সংখ্যক ভক্ত-দর্শনার্থীর ভিড় হয়। ঘটনার সময় প্রায় ৩৫০ জন মানুষ মন্দির চত্বরে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন সাঙ্গলি জেলার পুলিশ সুপারিন্টেনডেন্ট তুষার দোশি।

তিনি জানান, সন্ধ্যার দিকে হঠাৎ প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হলে অনেকেই মন্দির প্রাঙ্গণের সীমানা দেওয়ালের পাশে থাকা টিনশেডের নিচে আশ্রয় নেন। ঠিক সেই সময় দেওয়ালের একটি অংশ এবং টিনশেড একসঙ্গে ধসে পড়ে, যার নিচে চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে।

ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে এবং বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ভারত #মন্দির #মৃত্যু