পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঈদ যাত্রার প্রথম দিন, (২৩ মে) এর ট্রেনের টিকিট আজ থেকে বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে এবারের ঈদের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১৩ মে ) সকাল ৮টায় দেশের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয় এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ ।
ঈদুল আযহা উপলক্ষে রেলওয়ে কর্তৃপক্ষ পাঁচ দিন আগে থেকেই অগ্রিম টিকিট বিক্রির বিশেষ সময়সূচী ঘোষণা করেছে। আন্তঃনগর ট্রেনের ২৪ মে’ র টিকিট ১৪ মে, ২৫ মে’র টিকিট ১৫ মে, ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে’র টিকিট ১৭ মে বিক্রি করা হবে।
রেলওয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদ উপলক্ষে একজন সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং সর্বাধিক চারটি টিকিট ক্রয় করতে পারবেন। এছাড়াও টিকিট রিফান্ড করার কোন সুযোগ থাকছে না।
যাত্রীদের অনুরোধে, যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পাশাপাশি কোরবানির পশু পরিবহনের জন্য ২২ ও ২৩ মে পশু-বাহী দুটি বিশেষ ট্রেন (ক্যাটল স্পেশাল) চলাচল করবে। ট্রেন দুটি দেওয়ানগঞ্জ বাজার ও ইসলামপুর বাজার থেকে যাত্রা শুরু করে ঢাকা ক্যান্টনমেন্ট, তেজগাঁও ও কমলাপুর স্টেশনে আসবে।
আসন্ন ঈদে নারী যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে প্রতিটি ট্রেনে আলাদা বগি রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আইনের বিধান অনুযায়ী করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদেরের কাদের ও বিচারপতি আসিফ হাসানের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন। রিট-কারীর পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মোঃ. আজমল হোসেন খোকন।
এসি//