নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজজনিত বিস্ফোরণে একই পরিবারের পাঁচ সদস্য গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে স্বামী-স্ত্রী ও তাদের তিন শিশু সন্তান রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
রোববার (১০ মে) সকাল ৭টার দিকে ফতুল্লার গিরিধারা এলাকার গ্রাম-বাংলা টাওয়ারসংলগ্ন একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—সবজি বিক্রেতা মো. কালাম (৩৫), তার স্ত্রী সায়মা (৩২), ছেলে মুন্না (৭) এবং দুই মেয়ে কথা (৭) ও মুন্নি (১০)।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।

তিনি বলেন, সকালের দিকে গিরিধারা এলাকার মো. শাহজাহান মিয়ার মালিকানাধীন ৮ তলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। গ্যাস লিকেজ থাকায় বদ্ধ রুমে কালাম লাইটার দিয়ে সিগারেট জ্বালাতে গেলেই বিস্ফোরণ ঘটে। আহত ব্যক্তিদের স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নেয়া হয়েছে।
প্রতিবেশী হাসান জানান, সকালে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর স্থানীয়রা ছুটে গিয়ে ঘরের ভেতরে আগুন দেখতে পান। পরে দ্রুত পরিবারের সদস্যদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, কালামের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। তার স্ত্রী সায়মার শরীরের ৬০ শতাংশ, ছেলে মুন্নার ৩০ শতাংশ, মেয়ে কথার ৫২ শতাংশ এবং মুন্নির ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে।
চিকিৎসকদের মতে, দগ্ধ পাঁচজনের অবস্থাই অত্যন্ত সংকটাপন্ন। তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
এসি//