আন্তর্জাতিক

ইরান যুদ্ধ ‘শেষ’ দাবি ট্রাম্প প্রশাসনের, কংগ্রেসের অনুমোদন নিয়ে বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত এখন শেষ হয়েছে বলে দাবি করেছে ট্রাম্প প্রশাসন। প্রশাসনের মতে, যুদ্ধবিরতি কার্যকর থাকায় নতুন করে কংগ্রেসের অনুমোদন নেওয়ার প্রয়োজন নেই।

বার্তা সংস্থা এপি ও রয়টার্সের খবরে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জানান, ফেব্রুয়ারি থেকে চলা ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত কার্যত সমাপ্ত হয়েছে।

তিনি বলেন, ৭ এপ্রিল থেকে শুরু হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে উভয় পক্ষ সম্মত হয়েছিল এবং পরে সেটির মেয়াদ আরও বাড়ানো হয়। তিনি দাবি করেন, ওই তারিখের পর থেকে দুই দেশের মধ্যে কোনো সরাসরি সামরিক সংঘর্ষ বা গোলাগুলির ঘটনা ঘটেনি।

এই পরিস্থিতিকে ভিত্তি করে ট্রাম্প প্রশাসন বলছে, ১৯৭৩ সালের ‘ওয়ার পাওয়ারস রেজোলিউশন’-এর শর্ত এখন আর প্রযোজ্য নয়। ওই আইনে বলা আছে, কোনো সামরিক অভিযান ৬০ দিনের বেশি চললে প্রেসিডেন্টকে কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন নিতে হবে।

শুক্রবার ছিল ইরান যুদ্ধের ৬০তম দিন। আইন অনুযায়ী, এই সময়ের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হয় কংগ্রেসের অনুমোদন নিতে হতো, নয়তো সামরিক অভিযান বন্ধ করতে হতো।

এপি’র প্রতিবেদনে বলা হয়, ডেমোক্র্যাট আইনপ্রণেতারা শুরু থেকেই ট্রাম্প প্রশাসনের কাছে আনুষ্ঠানিক অনুমোদন চেয়ে আসছিলেন। এমনকি রিপাবলিকান দলের ভেতরেও অনেক সদস্য স্বল্পমেয়াদি সামরিক পদক্ষেপ সমর্থন করলেও দীর্ঘমেয়াদি যুদ্ধে কংগ্রেসের সম্পৃক্ততা প্রয়োজন বলে মত দিয়েছিলেন।

তবে বর্তমান যুদ্ধবিরতিকে সামনে এনে প্রশাসন সাংবিধানিক বাধ্যবাধকতা এড়িয়ে যাওয়ার পথ খুঁজছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করেছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #যুক্তরাষ্ট্র