যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় নিহত বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ আগামী সোমবার (০৪ মে) সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তবে একই ঘটনায় নিহত বলে ধারণা করা নাহিদা সুলতানা বৃষ্টির বিষয়ে এখনো নতুন কোনো তথ্য পাওয়া যায়নি।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা গণমাধ্যমকে জানিয়েছেন, স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) টাম্পা বে এলাকার ইসলামিক সোসাইটিতে জামিল লিমনের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, এর আগে স্থানীয় সময় মঙ্গলবার পুলিশ জামিল লিমনের মরদেহ টাম্পার ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। মিয়ামিতে বাংলাদেশের কনস্যুলেট, প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেই এ সিদ্ধান্ত নেয়া হয়।
মরদেহ হস্তান্তরের আগে লিমনের পরিবারের আনুষ্ঠানিক সম্মতি নেয় মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট। পরে মুসলিম ধর্মীয় বিধান অনুযায়ী মরদেহের পরবর্তী সব কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ নেয়া হয়েছে।
উল্লেখ্য, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি গত ১৬ এপ্রিল নিখোঁজ হন। তাদের নিখোঁজ হওয়াকে ঘিরে তৈরি হয় গভীর রহস্য। প্রায় ১০ দিন পর লিমনের মরদেহ উদ্ধার করা হয় এবং তার রুমমেট হিশাম আবুঘারবিয়েহকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর আদালতের নথি ও আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য থেকে উঠে আসে এই হত্যাকাণ্ডের ভয়াবহ, নৃশংস ও পূর্বপরিকল্পিত চিত্র।
এসি//