জামালপুরের মেলান্দহে কালবৈশাখী ঝড়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক মা ও তার দুই মেয়ে। রোববার (২৬ এপ্রিল) রাতের দিকে উপজেলার নয়ানগর এলাকার দাগী গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মৃত গনি মণ্ডলের স্ত্রী খুকি বেগম এবং তার দুই মেয়ে ফরিদা আক্তার ও ফতে আক্তার।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলেন মা ও দুই মেয়ে। এ সময় হঠাৎ প্রবল ঝড়ে ঘরের পাশের একটি বড় গাছ উপড়ে গিয়ে বসতঘরের ওপর পড়ে। এতে তারা তিনজনই গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
রাতে ঘটনাটি ঘটলেও সকালে স্থানীয় লোকজন এসে তাদের মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা জানান, ফায়ার সার্ভিসের মাধ্যমে ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন এবং ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
এসি//