দেশজুড়ে

৪৩ ঘণ্টার ব্যবধানে চট্টগ্রামের রাউজানে দুই বিএনপি কর্মী খুন

বায়ান্ন প্রতিবেদন

চট্টগ্রামের রাউজানে মাত্র ৪৩ ঘণ্টার ব্যবধানে বিএনপির আরও এক কর্মী খুন হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) কাউসারুজ্জামান বাবলু হত্যার পর এবার নাছির উদ্দীন (৫৫) নামের আরেক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সর্বশেষ এই হত্যাকাণ্ডটি ঘটে রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার কদলপুর ইউনিয়নের লেংগা বাইল্যার ঘাটা এলাকায়। পরপর দুই হত্যার ঘটনায় পুরো রাউজানজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিহত নাছির উদ্দীন কদলপুর ইউনিয়নের ৮ নম্বর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শমসের পাড়ার বাসিন্দা। তিনি প্রয়াত দুদু মিয়ার ছেলে। একসময় যুবদলের সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তীতে বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। স্থানীয়ভাবে তিনি বিএনপি নেতা ও রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, রাতে নাছিরের বাড়ির পাশ থেকে গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে যান। সেখানে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক জানান, রাত সাড়ে ১১টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। তার শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন পাওয়া গেছে।

পুলিশের প্রাথমিক ধারণা, এলাকায় মাটি কাটা, পাহাড় কাটা, চাঁদাবাজি এবং আধিপত্য বিস্তার কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

পুলিশ জানায়, নিহত নাছির উদ্দীনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা রয়েছে। কয়েক মাস আগেও দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর আহত করেছিল। দীর্ঘদিন চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন।

এর আগে, গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জঙ্গল রাউজান এলাকায় খুন হয়েছেন কাউসারুজ্জামান বাবলু (৩৬) নামে আরেক বিএনপি কর্মী। বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে তাকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় এরই মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহতের পরিবারের সদস্যরা জানান, কাউসারুজ্জামান গত দুই বছরে একাধিকবার হামলার শিকার হয়েছেন। শুক্রবার রাতে তিনি নানাবাড়িতে দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন। পথে সাত থেকে আটজন অস্ত্রধারী তাকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় তিনি পিঠে গুলিবিদ্ধ হন। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর শনিবার ভোরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুইদিনের মধ্যে দুই খুনের ব্যাপারে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে তদন্ত চলছে। দুই হত্যাকাণ্ডের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

চলতি বছরে রাউজানে এমন আরও একাধিক খুনের ঘটনা ঘটেছে। চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়াহাট বাজারে আবদুল মজিদ (৫০) নামে এক যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। এর আগে, ৫ জানুয়ারি একই ইউনিয়নের অলিমিয়াহাট বাজার থেকে প্রায় ৫০০ মিটার দূরে গুলি করে হত্যা করা হয় মুহাম্মদ জানে আলম (৪৮) নামে এক যুবদল নেতাকে। ওই দুই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #চট্টগ্রাম #রাউজান #খুন