ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া শুরু করেছে বিএনপি। মনোনয়ন বোর্ডে সভাপতিত্ব করছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর গুলশানে বিকেল সোয়া ৩টায় বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে পাঁচ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু করে মনোনয়ন বোর্ড।
বিএনপির পক্ষ থেকে জানান হয়েছে, দুদিন চলবে সাক্ষাৎকার। আজ রংপুর, রাজশাহী, বরিশাল, ফরিদপুর ও খুলনা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হচ্ছে। আগামীকাল শনিবার চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সঙ্গে বিকেল ৩টায় সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
সংরক্ষিত আসনের জন্য মোট এক হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা এবং মনোনয়ন ফরম জমা দেয়ার সময় প্রার্থীদের ৫০ হাজার টাকা জামানত দিতে হয়েছে।
জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন রয়েছে ৫০টি। এর মধ্যে, বিএনপি জোটের জন্য ৩৬টি, জামায়াতে ইসলামীসহ তাদের জোটের জন্য ১৩টি ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১টি আসন সংরক্ষিত রাখা হয়েছে।
আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আই/এ