আন্তর্জাতিক

হরমুজে বিধ্বস্ত ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন

আন্তর্জাতিক ডেস্ক

পারস্য উপসাগরের আকাশে নজরদারি মিশনে থাকা যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক সামরিক ড্রোন বিধ্বস্ত হয়েছে।

মার্কিন নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালির আকাশে টহল চলাকালে এমকিউ–৪সি ট্রাইটন নামের এই ড্রোনটি দুর্ঘটনার কবলে পড়ে। নাভাল সেফটি কমান্ডের বিবৃতিতে বলা হয়, ঘটনাটি ঘটেছিল গত ৯ এপ্রিল, যা পরে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

এমকিউ–৪সি ট্রাইটন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অন্যতম উন্নত ও ব্যয়বহুল নজরদারি ড্রোন। এটি ‘ডানাওয়ালা কৃত্রিম উপগ্রহ’ নামেও পরিচিত, যা টানা ২৪ ঘণ্টা আকাশ থেকে নজরদারি চালাতে সক্ষম।

ড্রোনটি তৈরি করেছে মার্কিন প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান নর্থরপ গ্রুম্যান। একটির মূল্য প্রায় ২৩ কোটি ৮১ লাখ মার্কিন ডলার। নিয়মিত তিন ঘণ্টার নজরদারি মিশনের অংশ হিসেবে এটি ইতালির সিসিলি দ্বীপে অবস্থিত সিগোনেল্লা নৌঘাঁটি থেকে হরমুজ প্রণালির উদ্দেশে উড্ডয়ন করেছিল।

মিশন শেষে ফেরার পথে ড্রোনটি হঠাৎ জরুরি সংকেত পাঠাতে শুরু করে এবং কিছুক্ষণ পর এর সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, ড্রোনটি প্রায় ৫০ হাজার ফুট উচ্চতায় অবস্থান করছিল। পরে এটি দ্রুত নিচে নেমে আসে এবং ১০ হাজার ফুটের বেশি উচ্চতা হারিয়ে তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।

মার্কিন নৌবাহিনী এখনো নিশ্চিত করেনি এটি শত্রুর হামলায় ধ্বংস হয়েছে, নাকি প্রযুক্তিগত ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটেছে।

তবে ঘটনাটির সময় ও প্রেক্ষাপট নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে। কারণ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা প্রশমনের ঘোষণার মাত্র দুই দিনের মধ্যেই এই ঘটনা ঘটল।

সূত্র: ফার্স্টপোস্ট

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #মার্কিন নৌবাহিনী #পারস্য উপসাগর #ড্রোন #বিধ্বস্ত #হরমুজ প্রণালি