তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের ২৪ ঘণ্টা পার না হতেই লেবাননে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। বুধবার (০৮ এপ্রিল) মাত্র ১০ মিনিটের ব্যবধানে প্রায় ৫০টি যুদ্ধবিমান ব্যবহার করে বৈরুতসহ বিভিন্ন এলাকায় শতাধিক বোমা হামলার ঘটনা ঘটে। এতে ২৫০ জনের বেশি নিহত এবং এক হাজারের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।
পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা থাকায় লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে দূতাবাস।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) প্রকাশিত এই সতর্কবার্তায় বৈরুতের ১৪টি ঝুঁকিপূর্ণ এলাকা দ্রুত ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। এসব এলাকায় সম্ভাব্য নতুন হামলার আশঙ্কা রয়েছে বলে জানানো হয়।
ঝুঁকিপূর্ণ এলাকাগুলো হলো:
সাবরা শাতিলা
শাতিলা
বুর্জ আল বারাজনে
আল-রিহাব
ইজনাহ
বীর হাসান
হাইছুলুম
এয়ারপোর্ট রোড
আল-উযায়ী
আল-শিয়েহ
তারিক আল-জাদিদের উপকণ্ঠ
আল-তাইউনেহ
ফুর্ন আল-শুব্বাকের উপকণ্ঠ
বাদারো (আল-শিয়ার কাছে)
দূতাবাস বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পাশাপাশি পরিস্থিতির ওপর সর্বক্ষণ নজর রাখার এবং প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছে।
বর্তমান পরিস্থিতিতে অপ্রয়োজনে বাইরে না যাওয়া এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এমএ//