জাতীয়

‘জাতির পিতা’র পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল, সংসদে বিল পাস

‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯’ বাতিল করে জাতীয় সংসদে বিল পাস হয়েছে। এর ফলে নির্দিষ্ট একটি পরিবারের জন্য নির্ধারিত বিশেষ রাষ্ট্রীয় নিরাপত্তা ও অন্যান্য সুবিধা আর কার্যকর থাকছে না।

বুধবার (০৮ এপ্রিল) সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ রহিতকরণ বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে গৃহীত হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

২০০৯ সালের ১৫ অক্টোবর ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯’ গেজেট আকারে জারি করা হয়েছিল। পরবর্তীতে ২০১৫ সালের ২৫ মে এই আইনের অধীনে পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তা ও সুবিধাদি প্রদানের জন্য প্রজ্ঞাপন জারি করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, কেবল একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা প্রদানের জন্য আইনটি করা হয়েছিল, যা ছিল একটি সুস্পষ্ট বৈষম্য। এই বৈষম্য দূর করতে অন্তর্বর্তীকালীন সরকার আইনটি রহিত করার নীতিগত সিদ্ধান্ত নেয়। 

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪’ জারি করা হয়। সেই অধ্যাদেশটিই এখন স্থায়ী বিল আকারে সংসদে পাস করা হলো।

আইনটি বাতিল হওয়ার ফলে সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের জন্য আগে যে বিশেষ নিরাপত্তা ও রাষ্ট্রীয় সুবিধা নিশ্চিত ছিল, তা আর বহাল থাকছে না।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন