রাজধানীর গ্রিন রোডে অবস্থিত গ্রিন লাইফ হাসপাতাল-এ আগুন লাগার যে তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, সেটি সত্য নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টা ৪২ মিনিটের দিকে হাসপাতালের ১৫ তলা ভবনের ৭ম তলায় সামান্য ধোঁয়া দেখা গেলে কিছু ব্যক্তি আগুন লাগার আশঙ্কা করে বিষয়টি জানায়। এরপর বিষয়টি দ্রুত ফায়ার সার্ভিসে জানানো হলে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে, সেখানে কোনো ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।
তাদের ভাষ্যমতে, ৭ম তলায় দায়িত্বে থাকা এক নিরাপত্তাকর্মী সামান্য ধোঁয়া দেখে ভুলভাবে আগুন লাগার ধারণা করলে প্রশাসনকে জানালে তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়।
গ্রিন লাইফ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. মাঈনুল আহসান জানান, হাসপাতালের কোথাও আগুন লাগেনি এবং সবাই সম্পূর্ণ নিরাপদে আছেন।
তিনি আরও অনুরোধ করেন, যাচাই ছাড়া কোনো ধরনের তথ্য প্রচার না করতে, যাতে রোগী ও তাদের স্বজনদের মধ্যে অপ্রয়োজনীয় আতঙ্ক তৈরি না হয়।
এদিকে আগুন লাগার গুজব ছড়িয়ে পড়ার পর হাসপাতালে থাকা রোগী ও স্বজনদের মধ্যে কিছু সময়ের জন্য আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়।
এসি//