যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের কাছাকাছি এলাকায় গুলির শব্দ শোনা যাওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে মার্কিন সিক্রেট সার্ভিস।
সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে সোমবার (০৬ এপ্রিল) এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শনিবার মধ্যরাতের পর ওয়াশিংটন ডিসির লাফায়েট পার্ক এলাকায় গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। হোয়াইট হাউসের ঠিক উত্তরে অবস্থিত পার্ক ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়।
সিক্রেট সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনকে আটক করা যায়নি এবং কেউ হতাহত হওয়ার খবরও পাওয়া যায়নি। তবে একটি সম্ভাব্য গাড়ি ও সংশ্লিষ্ট ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
এদিকে ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসিতেই অবস্থান করছিলেন। সাধারণত ছুটির দিনে তিনি ফ্লোরিডার মার-এ-লাগোতে থাকলেও এবার রাজধানীতেই ছিলেন।
সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, হোয়াইট হাউসের কার্যক্রম স্বাভাবিক রয়েছে, তবে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। তদন্তের স্বার্থে সাময়িকভাবে আশপাশের কিছু সড়ক বন্ধ রাখা হলেও পরে সেগুলো খুলে দেওয়া হয়।
হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চুং জানিয়েছেন, ইস্টার সানডের ছুটিতেও প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউস ও ওভাল অফিসে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
এসি//