নেত্রকোনায় উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২৩ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। গত ১১ দিনে জেলায় ৬৭ জন শিশু আক্রান্ত হয়েছে। জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে ১৩ রোগী। ভর্তি রোগীদের মধ্যে ২ জনের অবস্থা সংকটাপন্ন।
শনিবার (৩ এপ্রিল) সদর হাসপাতালসহ উপজেলার হাসপাতালে গুলোতে উপসর্গ নিয়ে একদিনে ২৩ জন শিশু ভর্তি হয়েছে। নেত্রকোনা সিভিল সার্জন গোলাম মাওলা বিষয়টি নিশ্চিত করেছেন।
শিশু বিভাগের চিকিৎসক ডা. মো. আবু রায়হান খান জানিয়েছে, হাম রোগীদের জন্য আলাদা কর্নার চালু রয়েছে এবং সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে সাতজন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে ৫জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, হাসপাতালে ভিটামিন এ ক্যাপসুল, প্যারাসিটামল সিরাপসহ কিছু প্রয়োজনীয় ওষুধের ঘাটতি রয়েছে। অভিভাবকরা বাইরে থেকে এ ধরণের ঔষধ সংগ্রহ করতে হচ্ছে। তবে অক্সিজেন সরবরাহ স্বাভাবিক রয়েছে।
সিভিল সার্জন গোলাম মাওলা জানিয়েছেন, ৪৩ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের হাম শনাক্ত হয়েছে। বাকিদের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। হামে আক্রান্তদের মধ্যে ৭০ শতাংশ ৯ মাস বয়সের মধ্য আর ১৫ থেকে ২০ শতাংশ ২ বছর বয়সের মধ্যে। আগামীকাল থেকে জেলায় হামের টিকা দেয়ার বিশেষ কার্যক্রম শুরু হবে। টিকার সংকট নেই। তবে এন্টিবায়োটিক ঔষধ হাসপাতালে না থাকায় অভিভাবকদের কিনতে হচ্ছে।
আই/এ