জাতীয়

জেলা পরিষদ প্রশাসকদের জবাবদিহিতার আওতায় আনা হবে : এলজিআরডি প্রতিমন্ত্রী

এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, জেলা প্রশাসকরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় অনেক সময় সাধারণ মানুষ প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হন। এ কারণে দলীয় বিবেচনায় জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তবে তাদেরও সরকারিভাবে জবাবদিহিতার আওতায় আনা হবে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে নবনিযুক্ত ১৪ জন জেলা পরিষদ প্রশাসককে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করা হবে। সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো আইন হিসেবে প্রকাশের পরই এ কার্যক্রম শুরু হবে

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার যে অধ্যাদেশ জারি করেছিল, তা বিশেষ কমিটির যাচাই-বাছাই শেষে সংসদে পাঠানো হয়েছে এবং সংসদ সদস্যরা সর্বসম্মতভাবে এটি মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন। শিগগিরই এটি সংসদে উপস্থাপন করে আইন আকারে প্রকাশ করা হবে।

অন্তবর্তীকালীন সরকারের সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ বিষয়ে তিনি আরও বলেন, এজাজ নামের যে লোক দায়িত্ব ছিল তার বিষয়ে তদন্ত চলছে। গাবতলী, গোহাটিসহ বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়টি যাচাই করা হচ্ছে। দলীয় লোকজন কখনো জনগণের বিপক্ষে যাবে না।

 

আই/এ