দেশের চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো—রাজবাড়ী, ঠাকুরগাঁও, পাবনা ও রংপুর।
বুধবার (০১ এপ্রিল) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে জানানো হয়, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির পরিচালক (উপসচিব) আফরোজা পারভীনকে রাজবাড়ীর ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ঠাকুরগাঁওয়ে দায়িত্ব পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হক। পাবনায় নিয়োগ পেয়েছেন আমিনুল ইসলাম এবং রংপুরে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সচিব (উপসচিব) মোহাম্মদ রুহুল আমিনকে।
এদিকে, সংশ্লিষ্ট চার জেলার বর্তমান জেলা প্রশাসকদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তারা হলেন—পাবনার ডিসি শাহেদ মোস্তফা, ঠাকুরগাঁওয়ের ডিসি ইশরাত ফারজানা, রংপুরের ডিসি মোহাম্মদ এনামুল আহসান এবং রাজবাড়ীর ডিসি সুলতানা আক্তার।
এর আগে, গত ২৯ মার্চ দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছিল সরকার।
এমএ//