দেশের শিক্ষা প্রতিষ্ঠানে আসছে টানা তিন দিনের ছুটি। একই সঙ্গে জ্বালানি সংকটের প্রভাব সামাল দিতে নতুন করে ক্লাস পদ্ধতিতেও পরিবর্তনের চিন্তা করছে সরকার।
আগামী রোববার (০৫ এপ্রিল) খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর আগে শুক্রবার (০৩ এপ্রিল) ও শনিবার (০৪ এপ্রিল) সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা টানা তিন দিনের ছুটি পাচ্ছে।
এদিকে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় মহানগর এলাকার (বিশ্ববিদ্যালয় ছাড়া) শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা করছে সরকার। তবে এবার পুরোপুরি অনলাইন নয়, বরং অনলাইন ও সশরীরে ক্লাস মিলিয়ে ‘ব্লেন্ডেড’ বা মিশ্র পদ্ধতিতে পাঠদান চালুর বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। এতে ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষা বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
ব্লেন্ডেড লার্নিং পদ্ধতিতে শিক্ষার্থীরা কিছু দিন সরাসরি শ্রেণিকক্ষে উপস্থিত থাকবে, আর বাকি সময় অনলাইনের মাধ্যমে ক্লাস করবে। প্রাথমিকভাবে সপ্তাহে তিন দিন অনলাইন ও তিন দিন অফলাইনে ক্লাস নেয়ার পরিকল্পনা করা হয়েছে।
এছাড়া জোড় ও বিজোড় দিনের ভিত্তিতে ক্লাস ভাগ করার প্রস্তাবও আলোচনায় এসেছে।
পরিকল্পনা অনুযায়ী, শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকেই অনলাইন ক্লাস পরিচালনা করবেন এবং ব্যবহারিক ক্লাসগুলো সশরীরে নেয়া হবে।
এসি//