জাতীয়

ডিজিএফআইয়ের আরও এক সাবেক মহাপরিচালক গ্রেপ্তার

বায়ান্ন প্রতিবেদন

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মো. আফজাল নাছেরকে (৬১) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৩০ মার্চ) ভোরে রাজধানীর মিরপুরের ডিওএইচএস-এর ১২ নম্বর রোডের ৮৬৪ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির একটি দায়িত্বশীল সূত্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

সূত্র বলছে, গ্রেপ্তার মো. আফজাল নাছের ২০০৭ সালের জুন থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইয়ের ডিজি ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক-এগারোর সরকারের সময় নির্যাতনের অন্যতম হোতা ছিলেন তিনি। তারেক রহমানকে নির্যাতনকালে সশরীর উপস্থিত ছিলেন সাবেক ডিজিএফআইয়ের এই আফজাল নাছের। ২০০৯ সালের ৫ নভেম্বর বরখাস্ত হন তিনি।

এর আগে, এক-এগারো সরকারের দুই কুশীলব সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করে ডিবি। তারা এখন ডিবির কাছে রিমান্ডে রয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পেশাগত জীবনে মো. আফজাল নাছের ১৯৮৪ সালের ৪ জুলাই সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তার পৈতৃক বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায়।

এক-এগারো পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ৫ নভেম্বর তাকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়।

এরপর দীর্ঘ সময় তিনি লোকচক্ষুর আড়ালে ছিলেন। অবশেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হলেন সাবেক এই ডিজিএফআই মহাপরিচালক।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ডিজিএফআই #ডিবি