রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে আটক করেছে পুলিশ।
রোববার (২৯ মার্চ) বিকেলে মিরপুর শাহ আলী থানা পুলিশ তাকে হেফাজতে নেয়। শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মিরপুর চিড়িয়াখানার সামনে থেকে স্থানীয় জনতা তাকে আটকে রেখেছিল। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই ঘটনাবলি নিয়ে বিভিন্ন থানায় মামলা রয়েছে। এ বিষয়ে পুলিশ খোঁজ নিচ্ছে।
এর আগে ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা জানান, আর এস ফাহিমের বিতর্কিত বিভিন্ন কর্মকাণ্ড ও জুলাইয়ে ছাত্র আন্দোলনের সময়ের অবস্থান বা উসকানিমূলক ভূমিকার অভিযোগে তাকে আটক করা হয়েছে। আটকের পর শিক্ষার্থীরা বিষয়টি তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেন। পরে সেখানে এসে পুলিশ তাকে নিয়ে যায়।
আই/এ