আন্তর্জাতিক

১২ বছর হলেই সশস্ত্র টহল চেকপোস্টে যোগ দিতে পারবে ইরানি শিশুরা

আন্তর্জাতিক ডেস্ক

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের টানা এক মাসের হামলা আরও জোরদার হওয়ায় দেশজুড়ে উত্তেজনা বাড়ছে। এই পরিস্থিতিতে রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় সশস্ত্র বাহিনীর কঠোর টহল ও মহড়া চোখে পড়ছে।

তেহরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সাংস্কৃতিকবিষয়ক উপপ্রধান রহিম নাদালি জানিয়েছেন, সংকট মোকাবিলায় নিরাপত্তা টহলে অংশ নেয়ার বয়সসীমা কমিয়ে ১২ বছর করা হয়েছে। ফলে এখন থেকে ১২ বছর বা তার বেশি বয়সী শিশুরাও টহল ও চেকপোস্টের দায়িত্বে যুক্ত হতে পারবে।

বর্তমানে তেহরানের রাস্তায় মুখোশধারী নিরাপত্তা সদস্য এবং মেশিনগান বসানো পিকআপ ট্রাকের টহল যেন সাধারণ দৃশ্যে পরিণত হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোন হামলার ঝুঁকি কমাতে এসব বাহিনী এক জায়গায় স্থির না থেকে ঘনঘন অবস্থান পরিবর্তন করছে।

সামরিক উপস্থিতির পাশাপাশি সাধারণ মানুষকেও সক্রিয় করার চেষ্টা করছে ইরান সরকার। লাউডস্পিকারে ঘোষণা দিয়ে স্থানীয়দের মসজিদে জড়ো হতে বলা হচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং বর্তমান সরকারের প্রতি সমর্থন প্রকাশের আহ্বান জানানো হচ্ছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের জনগণকে ঘরে থাকার পরামর্শ দিচ্ছে। একই সঙ্গে সুযোগ বুঝে বর্তমান সরকারবিরোধী আন্দোলনে রাজপথে নামার আহ্বানও জানাচ্ছে। এ পরিস্থিতিতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নারীসহ সাধারণ মানুষের হাতে অস্ত্র তুলে নেয়ার দৃশ্য প্রচার করে জনসাধারণকে রাস্তায় থাকার আহ্বান জানাচ্ছে।

যুদ্ধ পরিস্থিতির প্রভাব ইতোমধ্যেই সাধারণ মানুষের জীবনে বড় ধরনের প্রভাব ফেলেছে। শুক্রবার (২৭ মার্চ) চালানো বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা, বিদ্যুৎকেন্দ্র এবং বিভিন্ন শিল্প কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর মধ্যে নতুন করে ইরানের দক্ষিণাঞ্চলের কিছু দ্বীপ দখলের লক্ষ্য নিয়ে আরও সেনা মোতায়েন করেছে ওয়াশিংটন। পাল্টা হুঁশিয়ারি দিয়ে ইরান জানিয়েছে, এমন কোনো পদক্ষেপ নেয়া হলে কঠোর জবাব দেয়া হবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #ইসরাইল #যুক্তরাষ্ট্র #১২ বছর