সিরাজগঞ্জে রাতে ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেলের দীর্ঘ সারি ও অস্বাভাবিক ভিড় নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বুধবার (২৫ মার্চ) রাতে শহরের মিরপুর এলাকার একটি পেট্রোল পাম্প পরিদর্শনে গিয়ে তিনি বলেন, দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। তবে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে অতিরিক্ত তেল সংগ্রহ করে বাজারে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।
মন্ত্রী জানান, কিছু ব্যক্তি মোটরসাইকেলের ট্যাংক ব্যবহার করে প্রয়োজনের চেয়ে বেশি তেল নিচ্ছে এবং পরে বেশি দামে বিক্রি করছে। এতে তারা অবৈধভাবে লাভবান হচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
তিনি বলেন, এমন কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে অযথা আতঙ্ক ছড়াচ্ছে। আগে এ ধরনের দৃশ্য তেমন দেখা না গেলেও এখন পরিকল্পিতভাবে ভিড় বাড়ানো হচ্ছে বলে মনে করছেন তিনি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসনকে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছেন তিনি। বিশেষ করে মোটরসাইকেলে সীমিত পরিমাণে তেল সরবরাহ নিশ্চিত করা এবং চালকদের কাগজপত্র যাচাইয়ের ওপর জোর দেওয়া হয়েছে।
এ সময় জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, হঠাৎ করে চাহিদা বেড়ে যাওয়ায় পাম্পগুলোতে চাপ তৈরি হয়েছে। তবে প্রশাসনের তৎপরতা বাড়লে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে বলে তারা আশা প্রকাশ করেছেন।