আন্তর্জাতিক

নেতানিয়াহুর উন্মাদনার বলি হবে মার্কিন সেনারা: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং ইসরায়েলের আক্রমণাত্মক অবস্থান নিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। 

তিনি বলেছেন, শেষ পর্যন্ত মার্কিন সেনারাই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘বিভ্রান্তিকর সিদ্ধান্তের’ শিকার হতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে তিনি জানান, তেহরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব ধরনের তৎপরতা, বিশেষ করে সেনা মোতায়েন, ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।

মার্কিন সামরিক নীতিনির্ধারকদের সমালোচনা করে গালিবাফ বলেন, উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ভুলের দায় শেষ পর্যন্ত সাধারণ সেনাদেরই বহন করতে হয়। তিনি আরও হুঁশিয়ারি দেন, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা পরীক্ষা করার চেষ্টা না করাই ভালো।

সম্প্রতি মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি আরও বাড়াচ্ছে। এতে ৮২তম এয়ারবর্ন ডিভিশনের এক হাজারের বেশি সেনার পাশাপাশি অতিরিক্ত দুটি মেরিন ইউনিট মোতায়েনের পরিকল্পনা রয়েছে। ফলে অঞ্চলটিতে প্রায় ৫ হাজার মেরিন ও বিপুলসংখ্যক নৌসেনা যুক্ত হতে পারে।

এই বড় ধরনের সামরিক প্রস্তুতির প্রেক্ষাপটেই ইরানের পক্ষ থেকে এমন কড়া প্রতিক্রিয়া এসেছে বলে ধারণা করা হচ্ছে।

 সূত্র: আল-জাজিরা

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #মোহাম্মদ বাঘের গালিবাফ #ইরান #ট্রাম্প