জাতীয়

২৫ মার্চ দেশজুড়ে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’

১৯৭১ এর ভয়াল ২৫ মার্চের পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক নৃশংস গণহত্যা স্মরণে আগামী বুধবার (২৫ মার্চ) সারা দেশে এক মিনিটের প্রতীকী ব্ল্যাক আউটকর্মসূচি পালন করা হবে।

সোমবার (২৩ মার্চ) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ২৫ মার্চ রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারা দেশে প্রতীকী ব্ল্যাক আউট পালন করা হবে। তবে কেপিআইভুক্ত এলাকা, জরুরি স্থাপনা এবং বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনসমূহ এই কর্মসূচির আওতামুক্ত থাকবে।

মন্ত্রণালয়  জানিয়েছে, দিবসটির পবিত্রতা ও গাম্ভীর্য রক্ষায় ২৫ মার্চ রাতে দেশের কোনো সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা বেসরকারি ভবন ও স্থাপনায় কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না।

২৫ মার্চের এই প্রতীকী অন্ধকার মূলত একাত্তরের সেই কালরাতের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং পাকিস্তানি বাহিনীর বর্বরোচিত হত্যাযজ্ঞের বিরুদ্ধে জাতীয় ঐক্যের বহিঃপ্রকাশ হিসেবে পালন করা হবে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ব্ল্যাক আউট