নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাসায় ঢুকে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে (২৪) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী দুইজনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোমবার (২৩ মার্চ) ভোরে উপজেলার তারাবো পৌরসভার এক ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী নারী। এতে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের যাত্রামুড়া বউবাজার এলাকার বাসিন্দা আফজাল খান ও তার সহযোগী অজ্ঞাত এক যুবককে অভিযুক্ত করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্বপরিকল্পনা অনুযায়ী আফজাল খান তার এক সহযোগীকে নিয়ে ভুক্তভোগীর বাসায় ঢোকে। তারা প্রথমে ওই নারীর মুখ চেপে ধরে এবং গলায় ছুরি ঠেকিয়ে ভয়ভীতি দেখায়।
এ সময় তার স্বামী এগিয়ে এলে তাকেও অস্ত্রের মুখে জিম্মি করা হয়। অভিযুক্তরা হুমকি দেয়—তাদের কথা না শুনলে ভুক্তভোগী, তার স্বামী এবং ঘুমন্ত শিশুসন্তানকে হত্যা করা হবে। পরে স্বামীর গলায় ছুরি ধরে প্রথমে অজ্ঞাতনামা ব্যক্তি এবং পরে আফজাল ওই নারীকে ধর্ষণ করে।
বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
আই/এ