প্রতি শনিবার দেশজুড়ে চলবে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম : ভূমিমন্ত্রী

রাজশাহী প্রতিনিধি

ভুমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন,  ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ থেকে রক্ষার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪ মার্চ থেকে দেশজুড়ে প্রতি শনিবার নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

আজ শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজশাহীর পবা উপজেলার বায়া ব্রিজ সংলগ্ন গাংগপাড়া খালে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, সারাদেশে আজ থেকে প্রত্যেক শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতার এ অভিযান চলবে। আর তারই ধারাবাহিকতায়, রাজশাহীর অনেক প্রাচীন বারনই নদীর খাল পরিষ্কারের মাধ্যমে রাজশাহী তথা বাংলাদেশের মানুষকে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ থেকে রক্ষার জন্য আজকে এই কর্মসূচির উদ্বোধন করা হলো।

তিনি বলেন, প্রতি শনিবার এমপি মন্ত্রীরা নিজ নিজ এলকায় নদী খাল বিলসহ অন্যান্য অপরিস্কার এলাকা পরিস্কারে তদারকি করবেন। এ জন্য কোন অনাঢ়ম্বর অনুষ্ঠান কিংবা বেলুন ওড়ানোর প্রয়োজন নেই।

বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল হক মিলন, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জাকিউল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, এলাকাবাসী, সুধীজন এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ভূমিমন্ত্রী