জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পাশে সরকার সবসময় থাকবে বলে আশ্বাস দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার অদম্য লড়াইয়ের চেতনাকে সমুন্নত রাখতে বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ।
বুধবার (০৫ আগস্ট) সকালে রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, ‘শহীদ পরিবার ও আহতদের সার্বিক কল্যাণে সরকার সবসময় পাশে রয়েছে এবং তাদের দীর্ঘমেয়াদি পুনর্বাসনে কাজ করছে। শহীদ পরিবারের জন্য দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তার পরিকল্পনা করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা সুখী, সমৃদ্ধি ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে শহীদ হয়েছিল, সেই সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার। সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে।’
এর আগে সকাল ৯টায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভূমিমন্ত্রী। পরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত, জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, উন্নয়ন ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শাকিব আনজুমের বাবা মাইনুল হক। তিনি বলেন, ‘আমি আমার সন্তান হত্যার বিচার চাই। যারা আমার সন্তানকে হত্যা করেছে, তাদের দ্রুত সময়ের মধ্যে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। আমার মতো আর কাউকে যেন সন্তান হারাতে না হয়।’
এদিকে সকাল থেকেই সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুষ্পস্তবক নিয়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে উপস্থিত হন। তারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এমএ//