আগামীকাল ১৫ মার্চ সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। দাবি আদায় না হলে আগামী ২৮ মার্চ আন্দোলনের রূপরেখা তৈরি করে জোটবদ্ধভাবে রাজপথের আন্দোলনে যাবে ১১ দল।
শনিবার (১৪ মার্চ) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে এ কথা জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, জুলাই সনদে যেভাবে বলা আছে সে অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার আগামীকালই সরকারের জন্য শেষ দিন। যদি না ডাকেন তাহলে জাতির কাছে আপনারা ক্ষমা পাবেন না। বিশেষ করে সংসদ নেতাকে এটা প্রধানত দায়িত্ব নিতে হবে। সরকারকেও সে দায়িত্ব নিতে হবে। দায়িত্বশীল বিরোধী দল হিসাবে এবার সংসদ সদস্যরা সংসদে ভূমিকা রাখবেন।
আযাদ বলেন, ‘আমরা আজকে বৈঠক থেকে সিদ্ধান্ত নিয়েছি, আগামীকাল যদি সরকার জুলাই সনদ বাস্তবায়নের জন্য অধিবেশন না ডাকে, তাহলে আমরা রাজপথে যেতে বাধ্য হবো। শীর্ষ নেতাদের বৈঠক ডেকে কর্মসূচি দেবো’।
তিনি বলেন, জুলাই সনদ আংশিকভাবে নয়, সম্পূর্ণ বাস্তবায়নের দাবি ১১ দলীয় ঐক্যের। ইতিহাসের সেরা নির্বাচনে জানমালের ক্ষয়ক্ষতি না হলেও জনআকাঙ্ক্ষা পূরণ হয়নি। নির্বাচনের পর উপদেষ্টারাই হাটে হাড়ি ভেঙেছেন।
সংসদ ওয়াকআউট প্রসঙ্গে তিনি আরও বলেন, বিরোধী জোট রাষ্ট্রপতিকে অবমাননা করেনি বরং বিএনপি স্বৈরাচারের দোসরকে বক্তব্য দিতে দিয়ে সংসদকে কলুষিত করেছে।
আই/এ