যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) ১৮ কোটি ৫০ লাখ পাউন্ডের সম্পত্তি জব্দ করার পর এবার দেশটির হাইকোর্টে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীকে দেউলিয়া ঘোষণার আবেদন করেছে ঢাকাভিত্তিক এসবিএসি ব্যাংক পিএলসি।
গেল সপ্তাহের শেষ দিকে আদালতে জমা দেওয়া নথির বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। নথি অনুযায়ী, সাইফুজ্জামানের বিরুদ্ধে আবেদনটি করেছে সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক।
এর আগে গেল বছর সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট ৩৪২টি সম্পত্তি জব্দ করে যুক্তরাজ্যের এনসিএ। একই সময়ে বাংলাদেশেও তার বিরুদ্ধে অর্থপাচার ও দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে।
আবাসন খাতে স্বল্পমেয়াদি ঋণ দেওয়ার জন্য পরিচিত এবং বর্তমানে বিলুপ্ত প্রতিষ্ঠান মার্কেট ফাইন্যান্সিয়াল সলিউশনস (এমএফএস) সাইফুজ্জামানের ১৭৫টির বেশি রিয়েল এস্টেট চুক্তির বিপরীতে অর্থায়ন করেছিল। এনসিএর তদন্তের মধ্যেই এসব সম্পত্তির প্রধান মালিকানা প্রতিষ্ঠান জেডটিএস প্রোপার্টিজ লিমিটেড আদালতের তত্ত্বাবধানে প্রশাসনিক ব্যবস্থাপনার মধ্যে রয়েছে।
সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদনের বিষয়ে এসবিএসি ব্যাংক অনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময় ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত ভূমিমন্ত্রীর দায়িত্বে ছিলেন সাইফুজ্জামান চৌধুরী।
এমএ//