আন্তর্জাতিক

আহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক

চলমান যুদ্ধের মধ্যে ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি আহত হয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়েছে। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি বলেছেন, আহত হলেও মোজতবা খামেনি বর্তমানে নিরাপদ ও সুস্থ আছেন।

সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানায়, যুদ্ধের সময় আহত হওয়ার পরও মোজতবা খামেনির অবস্থা এখন স্থিতিশীল।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান টেলিগ্রামে এক বার্তায় জানান, তিনি মোজতবা খামেনির আহত হওয়ার খবর শুনে পরিচিত কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেন। তারা তাকে জানিয়েছেন, “আল্লাহর রহমতে তিনি নিরাপদ ও সুস্থ আছেন।”

এর আগে রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ চলাকালে মোজতবা খামেনি আহত হয়েছেন। তবে কীভাবে বা কতটা গুরুতরভাবে তিনি আহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা হোসেইনি খামেনিকে গত রোববার ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচিত করা হয়। দেশটির ৮৮ সদস্যের ধর্মীয় পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্ট ভোটের মাধ্যমে তাকে সুপ্রিম লিডার হিসেবে নির্বাচন করে। তিনি সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় সন্তান।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় তেহরানে নিজ বাসভবনে নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। ওই হামলায় তার মেয়ে, নাতি ও জামাইসহ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাও নিহত হন।

মোজতবা খামেনি কখনো কোনো সরকারি পদে দায়িত্ব পালন করেননি এবং কোনো নির্বাচনে অংশ নেননি। তবে তার বাবা সুপ্রিম লিডার থাকার সময় ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে তার প্রভাব ছিল বলে মনে করা হয়। ইসলামিক বিপ্লবী গার্ডের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং দীর্ঘদিন ধরেই তাকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছিল।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #সর্বোচ্চ ধর্মীয় নেতা #ইরান #মোজতবা খামেনি #আহত