রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেওয়ার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
বুধবার (১১ মার্চ) দুপুরে সংসদের বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।
ডা. তাহের বলেন, আগামীকাল যে সংসদ অধিবেশন বসবে সেখানে বিরোধী দলের ভূমিকা কী হবে, সেই বিষয়ে বৈঠকে আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, যেহেতু অধিকাংশ সংসদ সদস্য নতুন, তাই সংসদের কার্যপ্রণালি ও আচরণবিধি সম্পর্কে তাদের কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।
ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তবে এ বিষয়ে যখন সংসদে প্রস্তাব উত্থাপন করা হবে তখনই বিস্তারিত জানানো হবে।
ডা. তাহের আরও বলেন, রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই। তিনি অভিযোগ করেন, রাষ্ট্রপতি স্বৈরাচারের সহযোগী। কেন তাকে দিয়ে ভাষণ দেওয়া হচ্ছে—এ বিষয়ে তারা পরিষ্কার নন।
তিনি জানান, এ বিষয়ে বিরোধী দলের অবস্থান কী হবে, তা সংসদের অধিবেশনেই স্পষ্ট হয়ে যাবে।
এমএ//