দেশজুড়ে

সন্ধ্যার পর রাস্তায় ঘোরাফেরা, কিশোরসহ আটক ২১

চাঁদপুরে সন্ধ্যার পর কারণ ছাড়া ঘোরাফেরা করায়  ১২ কিশোরসহ ২১ জনকে আটক করেছে পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালায় পুলিশ। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গতকাল সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত শহরের হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠ, লেকের পাড়, স্টেডিয়াম রোড, মাদ্রাসা রোড, পৌর পার্ক, কবরস্থান রোড, প্রেসক্লাব রোডসহ বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এসব স্থান থেকে ২১ জনকে আটক করা হয়। এর মধ্যে ১২ জনের বয়স ১৪-১৭ বছর। অন্যদের মধ্যে ছয় জনের বয়স ১৮ বছর, দুজনের ১৯ ও একজনের ২৩ বছর।

চাঁদপুরের পুলিশ সুপার রবিউল হাসান জানান,  নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই অভিযান পরিচালনা করা হয়। গত শুক্রবার শিক্ষামন্ত্রী আ ন ম এছানুল হক মিলন চাঁদপুরের কচুয়ায় নিজ নির্বাচনি এলাকায় প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন, সন্ধ্যার পর অযাচিতভাবে কোনও কিশোর রাস্তায় ঘোরাফেরা করলে তাদের জিজ্ঞাসাবাদ করতে। এজন্য তাদের থানায় নিয়ে এসে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #চাঁদপুর