জাতীয়

জাতীয় নির্বাচন ও গণভোটের গ্যাজেট প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের চূড়ান্ত ফলাফলের গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে এ গেজেট প্রকাশ করা হয়।

জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৭টি আসনে নির্বাচিত সংসদ সদস্যদের সরকারি ফলাফল গেজেট আকারে প্রকাশিত হয়েছে। আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রামের দুটি আসনের ফল পরে ঘোষণা করা হবে। এছাড়া জামায়াতের এক প্রার্থীর মৃত্যু হওয়ায় শেরপুর-৩ আসনের ভোট আগেই স্থগিত করা হয়েছে।

গেজেট প্রকাশের ফলে নবনির্বাচিত সংসদ সদস্যদের দ্রুত শপথ গ্রহণের প্রস্তুতি শুরু হবে বলে জানা গেছে। সামনে রমজান মাস থাকায় বিষয়টি দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে। 

এর আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন, স্পিকার বা ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকলে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি শপথ পড়াতে পারেন। তবে সংবিধান অনুযায়ী, নির্বাচিত হওয়ার তিন দিনের মধ্যে কেউ শপথ না নিলে প্রধান নির্বাচন কমিশনারও শপথ পড়ানোর ক্ষমতা রাখেন।

গত ১২ ফেব্রুয়ারি সারাদেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সংসদ নির্বাচনের ফলাফলে ২৯৭টি আসনের মধ্যে ২১২টি পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি নেতৃত্বাধীন জোট। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন। বাকি ৮টি আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থীরা।

এছাড়া, গণভোটের ফলাফলে দেখা গেছে, চার কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, আর ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার।

গেজেটের পূর্ণাঙ্গ কপি দেখতে এখানে ক্লিক করুন।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #nirrbacon #নির্বাচন