দেশজুড়ে

বিএনপির প্রচারণায় হামলা, ৩ শিশুসহ গুলিবিদ্ধ ৫

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে বিএনপির নির্বাচনি প্রচারণায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময়  দুর্বৃত্তদের ছোড়া গুলিতে তিন শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালীর রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

আহতদের মধ্যে দুই শিশুর অবস্থা গুরুতর হওয়ায় রাত ২টার দিকে তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-৪ আসনে ধানের শীষ প্রতীকের সমর্থনে ২০ থেকে ২৫ জন কর্মী-সমর্থক একটি মিনিট্রাকযোগে আলীখালী এলাকায় সড়কে অবস্থান নিয়ে নাচ, গান ও স্লোগান দিচ্ছিলেন। এ সময় আশপাশের উৎসুক মানুষ সেখানে ভিড় করেন। হঠাৎ অজ্ঞাত দুর্বৃত্তরা গুলি ছুড়লে উপস্থিত জনতার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে আশপাশে থাকা পাঁচজন গুলিবিদ্ধ হন। গুলির শব্দে প্রচারণার গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এবং লোকজন ছত্রভঙ্গ হয়ে পড়েন।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।

আহতরা হলেন—হ্নীলার ৯ নম্বর ওয়ার্ডের মোচনী গ্রামের বাসিন্দা ভেক্কা মিয়ার ছেলে বাচামিয়া ৪৫, ৮ নম্বর ওয়ার্ডের আলীখালী গ্রামের নুরুল ইসলামের ছেলে শাহাব উদ্দিন ১১, একই এলাকার আব্দুল জলিলের শিশু কন্যা নুসরাত জান্নাত রাফি ১৮ মাস, পার্শ্ববর্তী ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ফাইভ ব্লকের নুর হোসেনের ছেলে আব্দুর রহমান ৩৭ এবং ডি-ফোর ব্লকের নুরুল হকের ছেলে মোহাম্মদ জিসান ১৩।

গুলিবিদ্ধ শিশু নুসরাত জান্নাত রাফি ও শাহাব উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। রাফির মা ছমিরা বেগম জানান, মেয়েকে নিয়ে তিনি সড়কের পাশের ঘরের দরজায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় রাফির পিঠে দুটি গুলি লাগে। অন্যদিকে শাহাব উদ্দিনের কোমরে গুলি লেগেছে বলে জানা গেছে।

ওসি সাইফুল ইসলাম বলেন, অতর্কিত হামলায় পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ক্যাম্প এলাকায় দায়িত্বে থাকা ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার জানান, বিএনপি মনোনীত প্রার্থীর প্রচারণা ট্রাকটি ওই এলাকা অতিক্রম করার সময় জনসমাগম হয়। তখন দুর্বৃত্তরা হঠাৎ উপস্থিত জনতার ওপর গুলি চালায়।

হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি তদন্ত করে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #কক্সবাজার #টেকনাফ #নির্বাচন