দেশজুড়ে

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউজনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের বকুল আলীর স্ত্রী মিলি (৪২) ও তার কন্যা লিমু (১৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ির সামনে দোকানের গেট খুলতে গিয়ে নিরাপত্তার জন্য স্থাপিত লোহার রডে হাত দেন মিলি। এতে রডে বিদ্যুতায়িত হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এসময় মাকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে মেয়ে লিমু তাকে উদ্ধারের চেষ্টা করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা মা ও মেয়েকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৭টা ৪৫ মিনিটে দুজনকেই মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #চাঁপাইনবাবগঞ্জ #শিবগঞ্জ #বিদ্যুৎস্পৃষ্ট #মা ও মেয়ের মৃত্যু