আন্তর্জাতিক

চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় উদ্বিগ্ন ভারত!

চীন ও তুরস্কের সহযোগিতায় পাকিস্তানের মহাকাশ কর্মসূচি এগিয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল এন এস রাজা সুব্রামানি। আঞ্চলিক নিরাপত্তা ও সামরিক ভারসাম্য বজায় রাখতে ভারতকেও মহাকাশভিত্তিক সামরিক প্রযুক্তির উন্নয়ন দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

গত শুক্রবার (২৭ নভেম্বর) দিল্লির বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এ সতর্কবার্তা দেন ভারতের এই সামরিক কর্মকর্তা।

জেনারেল সুব্রামানি বলেন, চীনের সহযোগিতায় পাকিস্তানের মহাকাশ কর্মসূচি ক্রমেই এগিয়ে যাচ্ছে। একই সঙ্গে পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা ‘সুপারকো’ নিজেদের সক্ষমতা বাড়ানোর কাজ করছে। তুরস্কের কাছ থেকেও দেশটি সহযোগিতা পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, ‘অপারেশন সিঁদুর’-এর সময় এবং পরবর্তী সময়ে পাকিস্তান, চীন ও তুরস্কের মধ্যে সামরিক সম্পর্কের ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।

ভারতের এই সামরিক কর্মকর্তার মতে, গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি, অবস্থান নির্ণয় এবং সময় নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে চীনের উন্নত প্রযুক্তি ব্যবহারের সুযোগ পেতে পারে পাকিস্তান। এর ফলে যুদ্ধক্ষেত্রে দেশটির সামরিক সক্ষমতা ও নজরদারির শক্তি উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। তাই ভারতের সামরিক ও কৌশলগত পরিকল্পনায় এই সম্ভাবনাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি নিজেদের মহাকাশ ও নজরদারি সক্ষমতা বাড়ানো প্রয়োজন।

এ পরিস্থিতি মোকাবিলায় ভারতের মহাকাশভিত্তিক নজরদারি ব্যবস্থার তৃতীয় পর্যায়ের প্রকল্পের কথাও তুলে ধরেন সিডিএস। এই প্রকল্পের আওতায় আগামী তিন বছরে ৫২টি বিশেষ সামরিক উপগ্রহ মহাকাশে পাঠানোর পরিকল্পনা রয়েছে ভারতের।

প্রকল্পটির জন্য বরাদ্দ রাখা হয়েছে ২৬ হাজার ৯৬৮ কোটি রুপি। এর মধ্যে ২১টি উপগ্রহ তৈরি ও উৎক্ষেপণের দায়িত্ব পালন করবে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। বাকি ৩১টি উপগ্রহ তৈরি ও উৎক্ষেপণ করবে বেসরকারি প্রতিষ্ঠানগুলো।

এদিকে চীনের ক্রমবর্ধমান মহাকাশ সক্ষমতা নিয়েও সতর্ক করেন জেনারেল সুব্রামানি।

তিনি জানান, বেইজিং এমন প্রযুক্তি তৈরি করছে, যার মাধ্যমে প্রতিপক্ষের উপগ্রহে আঘাত হানা কিংবা সেগুলোর যোগাযোগব্যবস্থা অকার্যকর করে দেওয়া সম্ভব।

তার মতে, আধুনিক যুদ্ধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। এ অবস্থায় সামরিক সক্ষমতা ধরে রাখা ও প্রতিপক্ষের তুলনায় এগিয়ে থাকতে হলে ভারতকে মহাকাশ, নজরদারি এবং প্রতিরক্ষা প্রযুক্তিতে বিনিয়োগ অব্যাহত রাখতে হবে। কারণ, স্থল, জল ও আকাশের পাশাপাশি মহাকাশেও সামরিক শক্তি বজায় রাখা এখন সমান গুরুত্বপূর্ণ।

সূত্র: এনডিটিভি

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন