তাইওয়ানে সেনা অবতরণে নতুন সামরিক কৌশল পরীক্ষা করছে চীন
তাইওয়ানে সম্ভাব্য সামরিক অভিযানের সময় সেনা ও ভারী সামরিক সরঞ্জাম উপকূলে পৌঁছাতে বেসামরিক জাহাজ ব্যবহারের কৌশল পরীক্ষা করছে চীন। এ লক্ষ্যে তাইওয়ান-সংলগ্ন ফুজিয়ান প্রদেশের দাচেং উপসাগরে কয়েক সপ্তাহ ধরে উভচর সামরিক মহড়া চালিয়েছে দেশটির বাহিনী। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, একাধিক জাহাজ একসঙ্গে যুক্ত করে প্রায় ৮০০ মিটার দীর্ঘ অস্থায়ী ভাসমান সেতু তৈরি করা হয়েছে।
চীন গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে। তবে বেইজিংয়ের এই দাবি প্রত্যাখ্যান করে আসছে তাইপে। দ্বীপটির নিয়ন্ত্রণ নিতে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের বিষয়টিও নাকচ করেনি চীন।
বার্তা সংস্থা রয়টার্সের পর্যালোচনা করা স্যাটেলাইট চিত্র এবং ভূস্থানিক তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ইঞ্জেনিস্পেসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ নভেম্বর দাচেং উপসাগরে এই মহড়ার বিষয়টি শনাক্ত হয়। ১ থেকে ১৬ নভেম্বরের স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, জাহাজগুলো উপসাগরে চলাচল করে অস্থায়ী ভাসমান সেতু তৈরি করেছে। পরে সেটি আবার সরিয়ে নেওয়া হয়।
ইঞ্জেনিস্পেসের প্রধান পরিচালন কর্মকর্তা জেসন ওয়াংয়ের মতে, চীনের গণমুক্তি ফৌজ এমন কিছু তুলনামূলক কম দৃশ্যমান কৌশল অনুশীলন করছে, যা প্রথম দ্বীপমালা এলাকায় সম্ভাব্য সামরিক অভিযানে সেনাদের রসদ সরবরাহে কাজে লাগতে পারে।
তার ব্যাখ্যা, গভীর পানি থেকে ভারী সরঞ্জাম ও সামরিক উপকরণ উপকূলে আনতে বেসামরিক জাহাজ ব্যবহার করা হলে তাইওয়ানের উপকূলের আরও বিস্তৃত অংশে অবতরণের সুযোগ তৈরি হবে।
এ বিষয়ে অবগত এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবারও দাচেং উপসাগরে মহড়া চলছিল। এলাকাটি তাইওয়ানের মূল ভূখণ্ড থেকে প্রায় ২৮০ কিলোমিটার দূরে অবস্থিত।
ইঞ্জেনিস্পেসের বিশ্লেষণ অনুযায়ী, মহড়ায় অংশ নেয় আটটি বেসামরিক জাহাজ। এর মধ্যে ছিল চারটি বার্জ, দুটি আধা-নিমজ্জিত জাহাজ ও দুটি ইঞ্জিনচালিত জাহাজ। পাশাপাশি চারটি অবতরণযান, কয়েকটি ছোট সহায়ক নৌযান এবং কাছাকাছি চীনা নৌবাহিনীর জাহাজও উপস্থিত ছিল। তবে বিশেষভাবে তৈরি সেতু নির্মাণের কোনো সরঞ্জাম দেখা যায়নি।
বিশ্লেষকদের ধারণা, বিদ্যমান বেসামরিক জাহাজ ব্যবহার করেই যুদ্ধকালীন অবতরণ অবকাঠামো তৈরির সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে চীন।
ওই নিরাপত্তা কর্মকর্তার মতে, ছোট ছোট দ্বীপ দ্রুত দখলের অনুশীলনও ছিল মহড়ার অন্যতম উদ্দেশ্য। জাপান থেকে তাইওয়ান হয়ে ফিলিপাইন পর্যন্ত বিস্তৃত দ্বীপমালাকে প্রথম দ্বীপমালা বলা হয়। তার ধারণা, মহড়াটি চীনের চলতি বছরের ‘সর্ববাহিনী কৌশলগত মহড়া’র অংশ হতে পারে। আগের বছরগুলোর তুলনায় এবার নিয়মিত এই মহড়া কিছুটা দেরিতে অনুষ্ঠিত হচ্ছে বলেও জানান তিনি।
মহড়া নিয়ে মন্তব্য জানতে চেয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। তবে বৃহস্পতিবার অঞ্চলটিতে গণমুক্তি ফৌজের সাম্প্রতিক সামরিক তৎপরতা সম্পর্কে জানতে চাওয়া হলে চীন জানায়, তাদের প্রশিক্ষণ কার্যক্রম ‘সম্পূর্ণ বৈধ ও যুক্তিসংগত’।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দাচেং উপসাগরে বেসামরিক জাহাজের অংশগ্রহণসহ চীনের সামরিক কর্মকাণ্ড সম্পর্কে তারা অবগত। তাইওয়ান প্রণালির নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপর এসব তৎপরতার সম্ভাব্য প্রভাব পর্যালোচনা করা হচ্ছে।
এশিয়ায় কর্মরত সামরিক অ্যাটাশেদের মতে, তাইওয়ান প্রণালির মতো বিস্তৃত জলরাশি অতিক্রম করে উভচর অভিযান পরিচালনার চ্যালেঞ্জ মোকাবিলায় চীন উপকূলীয় মহড়ার কৌশল আরও উন্নত করছে। প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সামরিক বাহিনীও এসব তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
দাচেং উপসাগরের কাছেই রয়েছে দংশান দ্বীপ। ২০২৪ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্বীপটি পরিদর্শন করেছিলেন। শীতল যুদ্ধের সময় সেখানে গণমুক্তি ফৌজের একটি উল্লেখযোগ্য সামরিক বিজয়ের ঘটনা ঘটে। ১৯৫৩ সালে চীনা বাহিনী তাইওয়ানে আশ্রয় নেওয়া চীন প্রজাতন্ত্রের বাহিনীর আক্রমণ প্রতিহত করে। ১৯৪৯ সালে মাও সেতুংয়ের নেতৃত্বাধীন কমিউনিস্ট বাহিনীর কাছে গৃহযুদ্ধে পরাজিত হওয়ার পর ওই বাহিনী তাইওয়ানে চলে গিয়েছিল।
এদিকে, মহড়ার এলাকায় যোগাযোগব্যবস্থায় বেতার সংকেত বাধাগ্রস্ত করার তৎপরতার ইঙ্গিত পাওয়া গেছে বলে জানিয়েছেন জেসন ওয়াং। এ বিষয়ে তিনি একটি অস্পষ্ট কৃত্রিম অ্যাপারচার রাডার চিত্রের কথা উল্লেখ করেন।
এর আগে ২০২৩ ও ২০২৪ সালেও দাচেং উপসাগরে বেসামরিক গাড়ি ওঠানামার উপযোগী পণ্যবাহী জাহাজ ব্যবহার করে উভচর অবতরণ মহড়া চালিয়েছিল চীন। গত বছরের আগস্টে গুয়াংডং প্রদেশের দক্ষিণ উপকূলেও একই ধরনের মহড়ার তথ্য প্রকাশ করেছিল রয়টার্স।
ওই জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তার মতে, সাম্প্রতিক মহড়া থেকে বোঝা যায়, দ্বীপপুঞ্জকেন্দ্রিক অভিযানের ওপর চীনা সামরিক বাহিনীর গুরুত্ব বাড়ছে। তবে এই মহড়ার মাধ্যমে যুদ্ধক্ষেত্রে চীনের সক্ষমতা কতটা বাড়বে, তা নিয়ে অতিরিক্ত আশাবাদী না হওয়ার সতর্কতাও দিয়েছেন তিনি।
তার ভাষায়, ‘নতুনত্ব আর কল্পনার মধ্যে এখনো যথেষ্ট দূরত্ব রয়েছে।’ যুদ্ধের পরিস্থিতিতে বার্জগুলো প্রতিপক্ষের হামলার সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
এসি//