চীনের সামরিক তৎপরতার মধ্যেই তাইওয়ানে স্থানীয় সরকার নির্বাচন
তাইওয়ানের ২২টি শহর ও কাউন্টিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মেয়র, কাউন্টি প্রধান, কাউন্সিলরসহ বিভিন্ন স্থানীয় প্রতিনিধি বেছে নিতে শনিবার (২৮ নভেম্বর) ভোট দিচ্ছেন দ্বীপটির ভোটাররা। স্থানীয় নানা ইস্যুতে প্রচার চললেও নির্বাচনের দিন চীনের সামরিক তৎপরতা ও রাজনৈতিক চাপ পরিস্থিতির ওপর বাড়তি নজর তৈরি করেছে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নির্বাচনের আগের ২৪ ঘণ্টায় দ্বীপটির আশপাশে চীনের ৩৩টি সামরিক উড়োজাহাজ ও আটটি যুদ্ধজাহাজ শনাক্ত করা হয়েছে।
এর আগে শুক্রবার (২৭ নভেম্বর) ৩০টি চীনা সামরিক উড়োজাহাজ শনাক্তের কথা জানিয়েছিল তাইপে। এর মধ্যে ২৬টি তাইওয়ান প্রণালির মধ্যরেখা অতিক্রম করে। তাইওয়ানের ভাষ্য, যুদ্ধজাহাজের সঙ্গে এসব উড়োজাহাজ যৌথ সামরিক প্রস্তুতি টহলে অংশ নেয়।
নির্বাচনে প্রচারের মূল বিষয় ছিল পরিবহন, পরিবেশ, অর্থনীতি ও স্থানীয় সেবা। তবে চীনের সঙ্গে সম্পর্ক ও দ্বীপটির নিরাপত্তা নিয়েও আলোচনা হয়েছে। বেইজিং তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে। অন্যদিকে, তাইওয়ানের সরকার এই দাবি প্রত্যাখ্যান করে।
রাজধানী তাইপের মেয়র নির্বাচন ঘিরেও রয়েছে বাড়তি আগ্রহ। ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রার্থী পুমা শেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান মেয়র ও বিরোধী দল কুওমিনতাংয়ের (কেএমটি) প্রার্থী চিয়াং ওয়ান-আন। চীন শেনকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে আখ্যা দিয়েছে এবং তার বিরুদ্ধে অভিযোগ তুলেছে। শুক্রবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অর্থ নেওয়া ও নির্বাচনে মার্কিন হস্তক্ষেপের অভিযোগও করা হয়। তবে এসব অভিযোগের বিষয়ে শেনের প্রচারশিবির ভোট শেষ হওয়ার আগে মন্তব্য করেনি।
তাইওয়ানের অভিযোগ, নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে বেইজিং। তবে চীন এই অভিযোগ অস্বীকার করেছে। দেশটির দাবি, এ ধরনের অভিযোগ ভিত্তিহীন।
২০২২ সালের স্থানীয় নির্বাচনে কেএমটি ১৪টি শহর ও কাউন্টিতে জয় পেয়েছিল। ডিপিপি পেয়েছিল পাঁচটি। বাকি তিনটিতে জয়ী হয় অন্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা। এবারের ফল তাইওয়ানের দলগুলোর সাংগঠনিক শক্তি ও জনসমর্থনের একটি চিত্র দেবে বলে মনে করা হচ্ছে।
তবে এই নির্বাচন সরাসরি তাইওয়ানের চীননীতি নির্ধারণ করবে না। এর প্রভাব পড়তে পারে ২০২৮ সালের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে দলগুলোর রাজনৈতিক অবস্থান ও কৌশলে। ভোটগ্রহণ শেষে শনিবারই ফল প্রকাশের কথা রয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
এসি//