দেশজুড়ে

নিষিদ্ধ ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা

ছবি: সংগৃহীত

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ছেলে রাহাত মৃধাকে (২৫) অ্যাফিডেভিটের মাধ্যমে ত্যাজ্য ঘোষণা করেছেন বাবা ইদ্রিস মৃধা। গত ২৬ নভেম্বর বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী মো. রফিকুল ইসলামের মাধ্যমে নোটারি পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে এ সংক্রান্ত অ্যাফিডেভিট সম্পন্ন করেন ইদ্রিস মৃধা। এ ঘটনায় স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। 

রোববার (২৯ নভেম্বর) বিকেলে আইনজীবী মো. রফিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

রাহাত মৃধা আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বরগুনা পৌরসভার ওয়াপদা সড়ক এলাকার বাসিন্দা ইদ্রিস মৃধার মেজো ছেলে। অ্যাফিডেভিটে ইদ্রিস মৃধা উল্লেখ করেন, তাঁর ছেলে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় তিনি পারিবারিক ও সামাজিকভাবে ছেলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন।

অ্যাফিডেভিটের তথ্যমতে, ইদ্রিস মৃধার মেজো ছেলে রাহাত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। বাবা বারবার রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত না হওয়ার জন্য নিষেধ করলেও রাহাত শোনেননি। উল্টো বাবার ওপর ক্ষিপ্ত হন। এ কারণে ছেলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার মর্মে অ্যাফিডেভিট করেন বাবা।

 ইদ্রিস মৃধা বলেন, ‘রাহাত আমার মেজো ছেলে। আমি রাজনীতি করি না। ছেলেকে বলেছি রাজনীতি না করতে। আমার কথা শোনেনি। ওর জন্য আমাকে অনেক হয়রানির শিকার হতে হয়েছে। ও কারও কোনও কথার তোয়াক্কা করে না। নিজের খেয়ালখুশিমতো চলে। তাই আমার বাকি জীবনের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছি। তার সঙ্গে কোনও যোগাযোগ বা সম্পর্ক নেই, যা আমি অঙ্গীকারনামায় ঘোষণা করেছি। এখন থেকে আমার পরিবারের সঙ্গেও তার কোনও সম্পর্ক নেই।’

এ বিষয়ে রাহাত মৃধা বলেন, ‘শেখ হাসিনা ও আওয়ামী লীগ আমার প্রাণ। ত্যাজ্য করার পরও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে থেকে জীবন কাটাতে চাই। পরিবার থেকে বিচ্ছিন্ন করলেও কোনও সমস্যা নেই।’

 

এমজে/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন