আইআরজিসির ধাওয়া খেয়ে ‘পালাল মার্কিন যুদ্ধবিমান’
ইরানের আকাশসীমার কাছাকাছি আসা যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমানকে ধাওয়া করে দেশটির আকাশসীমা থেকে সরিয়ে দেওয়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। দক্ষিণাঞ্চলের আকাশসীমা ঘেঁষে বিমানটি এগিয়ে আসার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার (২৭ নভেম্বর) ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স জানিয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলে হেঙ্গাম দ্বীপের কাছ দিয়ে ইরানের আকাশসীমার দিকে এগিয়ে আসছিল মার্কিন যুদ্ধবিমানটি। সামুদ্রিক চলাচলকারী জাহাজগুলোকে পাহারা দেওয়া ও আকাশ থেকে সুরক্ষা দেওয়ার মিশনে বিমানটি ওই এলাকায় এসেছিল বলে দাবি করেছে সংস্থাটি।
আইআরজিসির বিবৃতি অনুযায়ী, তাদের অ্যারোস্পেস ফোর্স পরিচালিত নতুন ও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে সতর্কতামূলক গুলি ছোড়া হলে মার্কিন যুদ্ধবিমানটি দ্রুত গতিপথ পরিবর্তন করে ইরানের আকাশসীমা থেকে দূরে সরে যায়।
বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালিতে সামুদ্রিক চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত নিয়ম এড়িয়ে যাওয়ার কোনো চেষ্টা গ্রহণযোগ্য নয়। এ ধরনের লঙ্ঘন অব্যাহত থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি ও তাদের সামরিক সহায়তাকারী বাহিনীকে আরও বড় ক্ষতির মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছে আইআরজিসি।
মার্কিন সামরিক কমান্ডারদের উদ্দেশেও হুঁশিয়ারি দিয়ে সংস্থাটি বলেছে, ইরানের আকাশসীমা দেশটির সশস্ত্র বাহিনীর জন্য একটি ‘রেড লাইন’।
আইআরজিসি আরও জানিয়েছে, মার্কিন যুদ্ধবিমান দিয়ে ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ বা লঙ্ঘনের ঘটনা আবার ঘটলে কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে। এমন পরিস্থিতিতে আগে ধ্বংস হওয়া মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ও ড্রোনগুলোর মতো পরিণতি এফ-১৬ যুদ্ধবিমানগুলোকেও ভোগ করতে হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
এমএ//