আন্তর্জাতিক

ওমান উপসাগরে ইরানগামী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ ভেঙে বের হওয়ার চেষ্টা করায় আরও একটি বাণিজ্যিক জাহাজ অচল করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ওমান উপসাগরে পালাউয়ের পতাকাবাহী ‘এমভি প্যাসিফিক আর্চার’ নামের জাহাজটিতে সামরিক বিমান থেকে হামলা চালানো হয়। এতে জাহাজটির চলাচলের ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ে। তবে জাহাজে থাকা বেসামরিক নাবিকেরা অক্ষত রয়েছেন বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

শুক্রবার (২৭ নভেম্বর) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, জাহাজটির পেছনের অংশ লক্ষ্য করে সামরিক বিমান থেকে নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্র নিক্ষেপ করা হয়।

গত এপ্রিল থেকে ইরানের বন্দরগুলোতে অবরোধ দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। তেহরানের সঙ্গে শান্তি আলোচনা চলাকালে গ্রীষ্মে সাময়িকভাবে এই অবরোধ তুলে নেওয়া হলেও জুলাইয়ে তা আবারও কার্যকর করা হয়।

মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, অবরোধ পুনর্বহালের পর থেকে এ পর্যন্ত ১৫৮টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করে দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করায় কয়েকটি জাহাজ অচলও করা হয়েছে। প্যাসিফিক আর্চারসহ বসন্তে অবরোধ শুরুর পর অন্তত ১৫টি জাহাজ অচল করার তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে গ্রীষ্মে অবরোধ পুনর্বহালের পর অচল করা হয়েছে ছয়টি জাহাজ।

এর আগে গত জুনে মার্কিন অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে গিনিবিসাউয়ের পতাকাবাহী একটি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছিল। ওই ঘটনায় তিনজন নিহত হন। ঘটনাটি নিয়ে তখন সমালোচনা ও নিন্দা জানানো হয়।

এদিকে, ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে বলে জানিয়েছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। তবে সৌদি আরব-সমর্থিত বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট তাইজের স্থানীয় কর্তৃপক্ষ এ হামলার জন্য হুতিদের দায়ী করেছে।

অন্যদিকে, গাজায় ইসরায়েলি হামলায় সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছে সেখানকার হাসপাতাল কর্তৃপক্ষ।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন