যুক্তরাষ্ট্রে ঝড়-বন্যায় ফ্লাইট বিপর্যয়, বিদ্যুৎহীন প্রায় ১০ লাখ পরিবার
যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও উপকূলীয় জলোচ্ছ্বাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দেশজুড়ে শত শত ফ্লাইট বাতিলের পাশাপাশি প্রায় ১০ লাখ পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। পশ্চিম উপকূলেও ঝড় ও অস্বাভাবিক উচ্চ জোয়ারের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ৪০০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া দেশটির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুট মিলিয়ে ২ হাজার ২০০টির বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। সপ্তাহজুড়ে বৃষ্টি ও ঝোড়ো বাতাসের কারণে বিমান চলাচলে বিঘ্নের পূর্বাভাস আগেই দিয়েছিল ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।
বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত দেশটির বিভিন্ন এলাকায় ৯ লাখ ৮০ হাজারের বেশি পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। পেনসিলভানিয়া, মেরিল্যান্ড, ভার্জিনিয়া ও নিউ জার্সিতে পরিস্থিতি সবচেয়ে গুরুতর।
বৃহস্পতিবার পূর্বাঞ্চলে আঘাত হানা ঝড়ে ঘণ্টায় সর্বোচ্চ ৭০ মাইল (১২২.৬৫ কি.মি.) বেগে বাতাস বয়ে যায়। এর সঙ্গে ছিল ভারী বৃষ্টিপাত ও উপকূলীয় জলোচ্ছ্বাস। পরিস্থিতি মোকাবিলায় নিউ জার্সির গভর্নর মিকি শেরিল রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। জার্সি শোরের বিভিন্ন উপকূলীয় এলাকায় বন্যা ও জলাবদ্ধতা দেখা দিয়েছে।
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলও নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড ও ওয়েস্টচেস্টার কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ঝড়ের কারণে নিউইয়র্ক সিটির বার্ষিক ম্যাসির থ্যাংকসগিভিং প্যারেড পিছিয়ে শনিবার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রবল বাতাসের কারণে মেরিল্যান্ডের কয়েকটি সেতু বন্ধ রাখা হয়েছে। ডেলাওয়ারের উপকূলেও ঢেউয়ের আঘাতে সৈকত ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি উঠে এসেছে বোর্ডওয়াক পর্যন্ত।
মেরিল্যান্ডে বিদ্যুৎ সরবরাহে বিঘ্নের কারণে প্রায় ২০ লাখ গ্রাহককে পানি ব্যবহারে সতর্ক করেছে স্থানীয় পানি সরবরাহকারী সংস্থা। প্রয়োজনীয় কাজে সীমিত পানি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, ওয়াশিংটন ডিসিতে রেকর্ড বৃষ্টিপাত ও জোয়ারের কারণে রেগান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের রানওয়েতে পানি ঢুকে পড়েছে বলে জানিয়েছে ন্যাশনাল ওয়াটার প্রেডিকশন সার্ভিস।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে, বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় জোয়ারের পানির উচ্চতা ৮ ফুট ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। উচ্চ জোয়ারে উপকূলীয় রেলপথ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকায় অ্যামট্র্যাকের প্যাসিফিক সার্ফলাইনার রুটে কয়েকটি ট্রেন চলাচল বাতিল করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, জোয়ারের কারণে রেলপথের পরিস্থিতি ট্রেন চলাচলের জন্য অনুকূল নয়।
এমএ//