রাজধানী

‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণ চুরি

ছবি: সংগৃহীত

রাজধানীর একটি শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করার পর স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। ধানমন্ডির আনাম র‍্যাংগস প্লাজায় পূরবী জুয়েলার্স থেকে প্রায় দুই হাজার ভরি স্বর্ণালংকার ও ১০ থেকে ১২ লাখ টাকা চুরি হয়েছে বলে দাবি করেছেন দোকানটির মালিক।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ধানমন্ডি ৬/এ এলাকায় এ ঘটনা ঘটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম গণমাধ্যমকে চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ভরি গহনা চুরি হয়েছে বলে দোকান মালিক অভিযোগ করেছেন। শপিংমলের দুই নিরাপত্তাকর্মী পলাতক। ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে আরও চার নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষ বলেন, চুরি হওয়া স্বর্ণালংকারের পরিমাণ আনুমানিক দুই হাজার ভরি। পাশাপাশি দোকান থেকে নগদ ১০ থেকে ১২ লাখ টাকা নিয়ে গেছে চোরেরা।

পূরবী জুয়েলার্সের ম্যানেজার সঞ্জীব শীল জানান, ঘটনার পর থেকে তিন নিরাপত্তাকর্মীর খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে একজন দোকানটির নিজস্ব নিরাপত্তাকর্মী এবং অন্য দুজন শপিং মলের নিরাপত্তাকর্মী।

তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে শপিং মলে প্রবেশ করতে দেখা গেছে। পাশাপাশি আরও দুজন অপরিচিত ব্যক্তির উপস্থিতিও শনাক্ত হয়েছে। ফুটেজে নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজনকে চোরদের দোকানে প্রবেশের ক্ষেত্রে সরাসরি সহযোগিতা করতে দেখা গেছে।

শনিবার দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন