প্রবাস

ওয়াশিংটনে সশস্ত্র বাহিনী দিবস পালন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে। গেল মঙ্গলবার (২৪ নভেম্বর) দূতাবাসের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক ও সামরিক কর্মকর্তাসহ প্রায় ৩০০ অতিথি অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ফর ইন্টেলিজেন্স লেফটেন্যান্ট জেনারেল মিশেল এ স্মিথ। এ সময় তিনি আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবদানের প্রশংসা করেন।

মিশেল এ স্মিথ বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সামরিক সদস্যরা নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি প্রশিক্ষণ, প্রযুক্তিগত সরঞ্জাম ও তথ্য বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে নেদারল্যান্ডস, সুইডেন, হাঙ্গেরি, রাশিয়া, আলজেরিয়া, ব্রুনাই, ফিলিপাইন, তুরস্ক, থাইল্যান্ড, উজবেকিস্তান, কিরগিজস্তান, চীন, জাপান, সৌদি আরব, কানাডা, অস্ট্রেলিয়া, চেক প্রজাতন্ত্র, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, মিয়ানমার, সুদান, মিশর, উরুগুয়ে, ব্রাজিল, ইকুয়েডর, পেরু, জর্ডান, ওমান, সাইপ্রাস, বলিভিয়া, ক্যামেরুন, কেনিয়া, মরক্কো ও তিউনিসিয়ার ডিফেন্স অ্যাটাশেরা উপস্থিত ছিলেন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিরক্ষা প্রতিনিধিও এতে অংশ নেন।

দূতাবাস জানিয়েছে, ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে এর আগে এতগুলো দেশের ডিফেন্স অ্যাটাশের উপস্থিতি দেখা যায়নি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম মুক্তিযুদ্ধে অংশ নেওয়া সশস্ত্র বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী শহীদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাস দেশের স্বাধীনতা অর্জনের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

রাষ্ট্রদূত বলেন, মুক্তিযুদ্ধে বাংলাদেশের সাত বীরশ্রেষ্ঠই ছিলেন সশস্ত্র বাহিনীর সদস্য। দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক পরিসরে দুর্যোগ মোকাবিলায় বাহিনীটির অবদান রয়েছে। একই সঙ্গে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মধ্য দিয়ে বিশ্বপরিমণ্ডলে বাংলাদেশের সম্মান ও পরিচিতি বেড়েছে।

অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মনোয়ারুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশের সামরিক বাহিনী দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও সুপরিচিত ও সম্মানিত।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যে দীর্ঘদিনের সহযোগিতাপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে তিনি জানান, যৌথ প্রশিক্ষণ ও প্রযুক্তিগত তথ্য বিনিময়ের মাধ্যমে দুই বাহিনীর সক্ষমতা বাড়ছে। ভবিষ্যতে এ সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠান শেষে অতিথিদের বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন