ইরানে হামলায় ওয়াশিংটনকে পাশে চায় ইসরাইল, দ্বিধায় ট্রাম্প প্রশাসন
ইরানে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর সম্ভাবনা খতিয়ে দেখছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ অভিযানে অংশ নিতে ওয়াশিংটনকে চার থেকে সাত দিনব্যাপী বিমান হামলার প্রস্তাব দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ইসরাইলি গোয়েন্দাদের সতর্কবার্তার পর ইরানে নতুন করে সামরিক হামলার বিষয়টি নিয়ে আলোচনা জোরালো হয়েছে। গোয়েন্দাদের দাবি, ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সক্ষমতা পুনর্গঠনে অগ্রগতি অর্জন করেছে। পাশাপাশি দেশটির রাসায়নিক ও জীবাণু অস্ত্র কর্মসূচি নিয়েও উদ্বেগ রয়েছে।
তবে নতুন করে অভিযান চালানোর বিষয়ে ট্রাম্প প্রশাসনের ভেতরে মতপার্থক্য দেখা দিয়েছে। গোয়েন্দা তথ্যের নির্ভরযোগ্যতা এবং হামলার প্রয়োজনীয়তা নিয়ে কর্মকর্তাদের মধ্যে ভিন্নমত রয়েছে। প্রশাসনের একাংশ মনে করছে, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালানোর মতো পর্যাপ্ত হুমকি এখনো তৈরি হয়নি। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পর নতুন যুদ্ধ শুরু করলে তার রাজনৈতিক প্রভাব কী হতে পারে, তা নিয়েও উদ্বেগ রয়েছে।
মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, অর্থনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে ইরানের সক্ষমতা ইতোমধ্যে উল্লেখযোগ্যভাবে দুর্বল করা হয়েছে। তাই দেশটির বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর প্রয়োজন নেই বলে মনে করেন তিনি।
এদিকে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন, ইরান রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির কথা বিবেচনা করছে। হোয়াইট হাউসের সংবাদদাতা জ্যাকি হেনরিখকে তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি আটকে দিয়েছেন তারা। এখন তেহরান গ্যাস ও জীবাণু অস্ত্র নিয়ে ভাবছে—এমন ইঙ্গিত পেয়েছেন তিনি।
ট্রাম্প আরও জানান, ইরানের সঙ্গে যোগাযোগ রয়েছে এবং তেহরান একটি চুক্তি করতে চায়। তবে তিনি চান, চুক্তিটি যেন দীর্ঘস্থায়ী হয়। ইরানের সঙ্গে সমঝোতা না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা রাখা হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেভাবেই হোক, বিষয়টির সমাধান করবেন।
ইরানবিষয়ক আলোচনা থেকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে সরিয়ে দেওয়া হয়েছে কি না, জানতে চাইলে ট্রাম্প বলেন, ভ্যান্স ভালো কাজ করছেন।
এসি//