যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের কেন্দ্রীয় এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে। সড়কটির নাম রাখা হয়েছে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’।
সোমবার (২৩ নভেম্বর) ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম গোলাম মোর্তোজা এ তথ্য জানিয়েছেন। সিটি অব শিকাগোর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সড়কটির উদ্বোধন করেন শিকাগো সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস।
তিনি জানান, আজ দুপুরে ঐতিহাসিক উইলিস টাওয়ারের সামনে এ নামফলক উন্মোচন হয়েছে। এই সড়কের ঠিক পাশেই অবস্থিত বিশ্বখ্যাত ‘উইলিস টাওয়ার’ (সাবেক সিয়ার্স টাওয়ার)। যা একসময় পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন হিসেবে স্বীকৃত এই মর্যাদাসম্পন্ন স্থাপনাটির স্থপতি ছিলেন বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী ও স্থপতি এফ আর খান।
তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয়তম প্রধানমন্ত্রী, সাহসী রাজনীতিবিদ ও আপসহীন নেতা হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়ার নামে শিকাগোর মতো শহরের প্রাণকেন্দ্রে এই সড়কের নামকরণের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় সূচিত হলো।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, বাংলাদেশি কমিউনিটি নেতা শাহ মোজাম্মেল নান্টু এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ।
আই/এ